শ্রীশ্রী লক্ষ্মীদেবীর ব্রতকথা (পাঁচালী)
শ্রীশ্রী লক্ষ্মীদেবীর ব্রতকথা (পাঁচালী) নারায়ণং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তমম্। দেবীং সরস্বতীঞ্চৈব ততো জয় মুদীরয়েৎ।। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য-দুঃখ-নাশিনীম্। ক্ষীরোদ-পুত্রীং কেশব-কান্তাং বিষ্ণোর্বক্ষঃ বিলাসিনীম্।। দোল পূর্ণিমার নিশি নির্মল গগন। মৃদুমন্দ প্রবাহিত মলয় পবন।। লক্ষ্মীসহ একাসনে বসি নারায়ণ। কৌতুকে করিছে নানাকথা আলাপন।। হেনকালে বীণা হাতে দেবর্ষি নারদ। প্রণাম করিল লক্ষ্মীনারায়ণ পদ।। কি কারণ আজ হেথা মাতা জিজ্ঞাসিলা। নতশিরে মুনিবর তবে নিবেদিলা।। কহঃ মাতঃ! এ কেমন মহিমা তোমার। চঞ্চলা চপলা সদা ভ্রম দ্বার দ্বার।। মুহূর্ত্তের তরে তব নাহি কোথা স্থিতি। মর্ত্তবাসী দিবানিশি ভুগিছে দুর্গতি।। অন্নাভাবে জীর্ণ জীব বলহীন দেহ। অন্নের কারণে করে আত্মহত্যা কেহ।। অন্নের কারণে নিজ পুত্রকন্যাগণে। পরিত্যাগ করি যায় কত শত জনে।। বল দেবী! বল বল কি পাপের ফলে। দুর্ভিক্ষ অনলে সদা মর্ত্তবাসী জ্বলে।। বিষাদিতা হ’য়ে মাতা অতি দুঃখ মনে। মৃদুস্বরে নারদেরে কহেন তখনে।। মানবের সুখ দুঃখ অথবা পতন। দুষ্কৃতির ফলমাত্র জানিবে কারণ।। চঞ্চলা...